Print

রংপুর, ৯ ফেব্রুয়ারি, ২০১৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ ভাষার মাসে ব্যানার-সাইনবোর্ডের বানান শুদ্ধকরণ অভিযান শুরু করেছে।
রোববার অভিযানের প্রথম দিনে ‘রণন’-এর সংগঠক ও কর্মীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর পার্ক মোড় এলাকায় এই বানান শুদ্ধিকরণের কার্যক্রম পরিচালনা করেন।
‘রণন’- এর সংগঠকদের উপস্থিতিতে পার্ক মোড় এলাকার যেসব দোকানে ডিজিটাল ব্যানার-সাইনবোর্ড রয়েছে, সেগুলোর দোকান মালিকদের হাতে তারা শুদ্ধ বানানের চিরকুট তুলে দেন। আর যেগুলোতে হাতে লেখা ব্যানার-সাইনবোর্ড রয়েছে, তারা সেগুলোর বানান শুদ্ধ করে দিয়েছেন।
এসময় সংগঠনের সভাপতি বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘যারা ব্যানার লেখেন আমরা চেষ্টা করছি এ মাসেই তাদের নিয়ে একটি কর্মশালা করার। যাতে করে তারা শুদ্ধ বানানে ব্যানার-সাইনবোর্ড লিখতে পারেন।’
সংগঠনের সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মঞ্জুর আরিফ বলেন, ‘আমরা পর্যায়ক্রমে শহরের প্রত্যেকটি এলাকায় বানান শুদ্ধিকরণের কাজ করব।’